
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ফুলবাড়ীতে একটি কেক কারখানায় অভিযান চালিয়ে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে কেক তৈরির অভিযোগে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় অবস্থিত ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছে। এ ছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট উৎপাদন এবং তৈরি খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্য তৈরিতে নিয়োজিত কর্মীরাও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না বলে অভিযানে প্রতীয়মান হয়।
এসব অপরাধের কথা স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান ও মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে খাদ্য উৎপাদনে সরকারি আইন ও বিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।



