
সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ছয় মাসে এক হাজার বৃক্ষ রোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোপণের জন্য বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ও সার্ভেয়ার আব্দুর রশিদ টুকু।
এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বনজ ও ফলজ প্রজাতির মোট ২১০টি গাছের চারা ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়। অর্থাৎ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০টি করে চারা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


