বগুড়া জেলা
প্রধান খবর

সংসদ ভবনের সামনে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে রিকশায় ছিলেন রনজিনা পারভীন। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়।

হঠাৎ টান দেওয়ায় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

শিক্ষিকার মৃত্যুর ঘটনায় এলাকায় ও তাঁর কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button