বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চাঁদা না পেয়ে হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড অন্য তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন স্বাধীন ও তিন নম্বর আসামি মোঃ রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আশিক, শাকিল ও মতিন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকায় রাকিবুল হাসান হৃদয়ের দোকানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে রাকিবুল হাসান হৃদয় ও তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাকিবুল হাসান হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রাকিবুলের মা আয়শা সিদ্দিকা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সাদ্দাম হোসেন স্বাধীন ও মোঃ রাব্বিকে মৃত্যুদণ্ড এবং আশিক, শাকিল ও মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

রায় ঘোষণার পর নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান স্বপন বলেন, “এ রায়ে আসামিদের উপযুক্ত শাস্তি হয়েছে। নিহত ভুক্তভোগীর পরিবার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

এই বিভাগের অন্য খবর

Back to top button