বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চোর সন্দেহে যুবককে নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বারপুর এলাকায় শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামীম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ বি এম শাফি এবং তার ছেলে ছাত্রদল নেতা নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন সরাসরি জড়িত।

নিহতের শাশুড়ি ছোবেদা বেগমের অভিযোগ, এক নিকটাত্মীয়ের দাফনের কাজে অংশ নিতে শামীম বারপুর এলাকায় এসেছিলেন। রাতে ওই এলাকায় হাঁটাহাঁটি করার সময় ইউপি সদস্য এ বি এম শাফি, তার ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করেন।

পরে শামীমকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ছোবেদা বেগম। একপর্যায়ে তার পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় তাকে একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়।

পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে শামীমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শামীমের মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button