ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ,বগুড়া সান্তাহার রেলওয়ে পুলিশের কাছে ক্যান্টিনবয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন সিরাজগঞ্জের ওই নারী। চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় যাত্রীরা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে দেন।
পুলিশ জানায়, ঘটনাটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় ঘটে। পরে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ করেন।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সঙ্গে কয়েকজনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



