বগুড়া জেলা
প্রধান খবর

কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন।

ওসি বলেন, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন সিরাজগঞ্জের ওই নারী। নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাঁকে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় যাত্রীরা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে দেন।

পরে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকের বয়স ২২ বছর। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

মামলার অভিযোগে ক্যান্টিনবয় ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

ওসি দুলাল উদ্দীন বলেন, অভিযোগে কয়েকজনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button