
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই’ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়ায় অবস্থিত ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানায়’ এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল এই জরিমানা করেন।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, পায়ে মাড়িয়ে ময়দার ডো প্রস্তুত করে চানাচুর তৈরি করা হচ্ছে। এছাড়া ময়লা মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল।
কারখানার মেঝেতেও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যায়। ওই নোংরা মেঝেতেই উৎপাদিত খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযানে প্রতীয়মান হয়।
এছাড়া দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজার পাশাপাশি অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর উৎপাদনের অভিযোগও পাওয়া যায়। সার্বিকভাবে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল বলে মোবাইল কোর্টের অভিযানে উঠে আসে।
অভিযানে আরও দেখা যায়, কারখানায় কর্মরত খাদ্যকর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধিও যথাযথভাবে অনুসরণ করছেন না।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল জানান, এসব অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।


