
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সোয়াদ বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মোঃ কালামের একমাত্র ছেলে। সে ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনের ঈদগাহ মাঠে বন্ধু তানিম ও রাকিবের সঙ্গে খেলছিল সোয়াদ। খেলা শেষে তারা পাশের নীলসাগর পুকুরে গোসল করতে যায়।
পুকুরে নামার পর সোয়াদ পানির গভীরে চলে গেলে হঠাৎ তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে সোয়াদকে উদ্ধার করেন।
পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোয়াদের বন্ধু রাকিব জানায়, তারা একসঙ্গে খেলছিল। খেলা শেষে পুকুরে নামার পর সোয়াদ পানির গভীরে তলিয়ে যেতে থাকে। তারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও পারেনি। পরে বড়দের ডেকে এনে সোয়াদের পরিবারকে খবর দেওয়া হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে সোয়াদের মা-বাবা বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। মঙ্গলবার বাদ এশা ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে সোয়াদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শিশুটির মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।


