বগুড়া জেলা

বগুড়ায় বাসের সাইড বক্সে মিলল ১০৩ প্যারাকিট টিয়া পাখি

বগুড়ায় বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া এলাকায় বাসটিতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করা হয়।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button