বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ময়ূরী বেকারি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি, মানসনদহীন অবস্থায় উৎপাদন এবং গুণগত মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহারের অভিযোগে ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকায় ময়ূরী বেকারি কারখানায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করতে দেখা যায়। এছাড়া গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং হালনাগাদ বিএসটিআই মানসনদ ছাড়াই খাদ্য উৎপাদনের বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও প্রতীয়মান হয়। পাশাপাশি এসএস স্টিলের টেবিলের পরিবর্তে কাঠের টেবিলে খাদ্য তৈরির কাজ করতে দেখা যায়। ওই কাঠের টেবিলগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল না বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অপরাধের জন্য ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button