
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীকে ট্রলিতে নেওয়াকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে কথা-কাটাকাটির জেরে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন, শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনসার কর্তৃপক্ষের দাবি, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার কয়েকজন বন্ধু তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রোগীকে ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি সংগ্রহকে কেন্দ্র করে ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নাহিদকে মারধরের ঘটনা ঘটে বলে পুলিশ ও আনসার সূত্রে জানা গেছে। এ সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসে তাকে সরিয়ে নেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে ওই তরুণের বন্ধুরা আবার সেখানে এসে ট্রলি বহনকারীকে খুঁজতে থাকেন এবং দ্বিতীয় দফায় তাকে মারধর করেন বলে অভিযোগ।
এ সময় আনসার সদস্যরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে ওই তরুণদের সংঘর্ষ হয়। এতে চার আনসার সদস্য আহত হন। আনসার কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীদের কাছে ধারালো অস্ত্র ছিল এবং হামলায় একজন আনসার সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে হামলার প্রকৃত ধরন ও অন্যান্য বিষয় নিশ্চিত করা হবে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)।
পুলিশ জানিয়েছে, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ট্রলি নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন তরুণ আনসার সদস্যদের ওপর চড়াও হন। এতে চার আনসার সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে শজিমেক হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিও পালন করেছিলেন।



