বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার বক্তার আলীর ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি চালান পাচারের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানকালে ঢাকা থেকে রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’ নামের যাত্রীবাহী কোচটি (ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের এফ-১ সিটে বসা আবুল কালামের দেহ তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাঃ জিললুর রহমানের জানান, উদ্ধার করা ইয়াবাগুলো চারটি কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা ছিল। এর মধ্যে তিনটি প্যাকেটে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮-এর ৫৬ ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।

আরও জানাগেছে, মাদকের এ চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button