
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে।। বিস্ফোরণে গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তাদেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পরপরই গ্যাস প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। নিরাপত্তাদেয়াল, ট্যাংকসহ প্ল্যান্টের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় গ্যাস নিতে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা সেখানে অবস্থান করছিল। বিস্ফোরণ ও আগুনে কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত পাঁচজনের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত অন্য দুজনের নাম ও তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, বিস্ফোরণের কী কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ এবং গ্যাস প্ল্যান্টের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর জানা যাবে।



