
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের চারমাথা-গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে দুই বস্তা জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে পড়ে থাকা বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় করেন। পরে বস্তার ভেতরে থাকা টাকাগুলো জাল বলে জানতে পারেন তারা।
স্থানীয়দের দাবি, বস্তাগুলোতে বিপুল পরিমাণ জাল নোট ছিল। এসব নোটের মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট রয়েছে। নোটগুলোর পেছনে ছোট করে ইংরেজি অক্ষরে ‘Only For Shooting’ লেখা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে অনেকে সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। পরে নোটগুলো জাল বলে জানা গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ বস্তায় থাকা জাল নোটের পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। তবে এ পরিমাণের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সেখান থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জাল টাকার উৎস এবং কারা এসব নোট সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়লার ভাগাড়ে বিপুল পরিমাণ জাল নোট কীভাবে এলো, কারা এসব নোট সেখানে ফেলে গেছে এবং নোটগুলো তৈরির সঙ্গে কোনো চক্র জড়িত কি না এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ভাগাড়ে পড়ে থাকা নোট স্থানীয়দের কেউ কেউ নিয়ে যাওয়ায় বিষয়টি আরও আলোচনার সৃষ্টি করেছে। উদ্ধার হওয়া জাল নোটের প্রকৃত পরিমাণ, মোট আর্থিক মূল্য এবং কতগুলো নোট স্থানীয়রা নিয়ে গেছেন। এসব বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি।
পুলিশের তদন্তে জাল নোটের উৎস, এগুলো সেখানে ফেলে যাওয়ার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।



