বগুড়া জেলা

বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। পরে মিছিলটি বনানী গোলচত্বর হয়ে মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ ও সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাহি হাসান, শহর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহানসহ কলেজের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button