
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়ায় অবস্থিত নূর বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল।
অভিযানকালে বেকারিটির উৎপাদন কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করার বিষয়টি উঠে আসে।
এছাড়া বেকারির খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি প্রতীয়মান হয়। খাদ্য তৈরিতে এসএস স্টিলের টেবিলের পরিবর্তে কাঠের টেবিল ব্যবহার করতে দেখা যায়, যা পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল না। একই সঙ্গে প্রস্তুত করা পাউরুটি অপরিষ্কার মেঝেতে ফেলে রাখারও প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অপরাধ সংঘটনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে, উপর্যুক্ত অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।



