
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মনজাল গ্রামের মোঃ তাইফুল ইসলামের ছেলে মোঃ রায়জিত (২২), দুপচাঁচিয়া উপজেলার বড় ধাপ গ্রামের মৃত দিলবরের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) এবং একই এলাকার মৃত আনসারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনকে ২০ দিনের, একজনকে ৩০ দিনের এবং অপরজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের মধ্যে একজনকে ১০০ টাকা, একজনকে ২০০ টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


