
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের সেউজগাড়ী, চকসুত্রাপুর ও হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মোঃ লতিফের ছেলে মোঃ মাহিদুল (২৮), বগুড়া শহরের মধ্য চেলোপাড়া এলাকার সুশান্ত ঘোঘের ছেলে মানিক ঘোষ (২৮), শাজাহানপুর উপজেলার চাচাইতারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ লিটন মিয়া (৫৯) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মালাহার গ্রামের মৃত শুকলাল চন্দ্র রবিদাসের ছেলে দিলীপ চন্দ্র রবিদাস (২৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে চারজনের কাছ থেকে মোট ৩০ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।


