
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মোকছেদুল হাসান হত্যা মামলার পলাতক আসামি মোঃ রহিত (২১)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌণে ২টার দিকে বগুড়া সদর উপজেলার টিএমএসএস হাসপাতালের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহিত বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার মৃত কমলের ছেলে।
বগুড়া সিপিএসসি এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোকছেদুল হাসান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রহিত টিএমএসএস হাসপাতালের বিপরীত পাশে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলার মাটিডালী উত্তরপাড়ায় জায়া কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মটরসের সামনে বসে ছিলেন মাটিডালী বিমান মোড় সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ মোকছেদুল হাসান (৩৮)। এ সময় পূর্বশত্রুতার জের ধরে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন একটি হাইস গাড়ি ও মোটরসাইকেলে করে সেখানে আসে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিদের কয়েকজনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে হকস্টিক, লাঠি ও ধারালো অস্ত্র ছিল। তারা আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পরে মোকছেদুল হাসানকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত মোকছেদুলকে উদ্ধার করে অজ্ঞাতনামা একটি সিএনজিযোগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তার মোঃ রহিতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বগুড়া সিপিএসসি, এসআরবি-১২।



