বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ফোনে ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল রিপনের

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে মোবাইল ফোনে ছেলের সঙ্গে কথা বলতে বলতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রিপন কর (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বাইপাস মোড়ের লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন কর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার বনানী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অনিক করের স্ত্রী বৃষ্টি কর্মকার জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় মোবাইল ফোনে ছেলের সঙ্গে কথা বলছিলেন রিপন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত রিপন কর আগে দিনাজপুরে সিঙ্গার শোরুমের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তনুশ্রী কর দিনাজপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কম্পিউটার হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন। তাদের একমাত্র ছেলে দিনাজপুরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। কয়েক মাস আগে রিপন ওই চাকরি ছেড়ে বগুড়ায় চলে আসেন। পরে তিনি বগুড়া শহরের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানান বৃষ্টি কর্মকার।

পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ শুক্রবার রাত আড়াইটার দিকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়। শুক্রবার বেলা ১১টার পর তার মরদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিপন কর বনানী বাইপাস মোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতির সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিক ইকবাল বলেন, দুর্ঘটনার কিছুটা পরে পুলিশ বিষয়টি জানতে পারে। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button