
বগুড়ার জামাই পরিচয় দিয়ে বালু বহনের পরিবহন ভাড়ার কথা বলে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আনিসুল আনসারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার আমজাদুল ইসলাম।

থানায় দেওয়া আবেদনে আমজাদুল ইসলাম অভিযোগ করেন, বালু বহনের জন্য পরিবহন ভাড়া নেওয়ার বিষয়ে তার মামাকে বগুড়ায় পাঠানো হয়। এ সময় আনিসুল আনসারী নিজেকে বগুড়ার জামাই হিসেবে পরিচয় দেন। পরে তার মামাকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জে যান আনিসুল।

আবেদনে বলা হয়, মহেশখালীতে পরিবহন নেওয়ার কথা বলে জ্বালানি খরচ বাবদ আনিসুলকে ৭০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর তিনি তার মামাকে একটি স্থানে রেখে তেল কেনার কথা বলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন আমজাদুল ইসলাম।

পরে আনিসুলের বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কিছুক্ষণ আশ্বাস দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, আনিসুল আনসারী বগুড়ার জামাই হিসেবে পরিচয় দেন। বগুড়ার কোনো বাসিন্দা যদি আনিসুলকে চিনে থাকেন, তার পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য জানেন, তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেছেন।
এ ঘটনায় আনিসুল আনসারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন আমজাদুল ইসলাম। আবেদনটি করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬।



