
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজ’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি করা হচ্ছে। এছাড়া গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার এবং মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট দিয়ে বিস্কুট তৈরির অভিযোগ পাওয়া যায়।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভার ব্যবহার, প্রস্তুতকৃত খাদ্যের ব্যাচ নম্বর উল্লেখ না করা এবং খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক সম্পর্কে মোড়কে মিথ্যা তথ্য ঘোষণা করার বিষয়ও অভিযানে প্রতীয়মান হয়।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানের খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না।
এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকার করা হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে, উল্লিখিত অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক (বগুড়া সদর) মোঃ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।



