বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় এক মাসে অবৈধ অটো চার্জিং পয়েন্টসহ ৪০০ অভিযানে বন্ধ ৮০ সংযোগ

জরিমানা ২৭ লাখ ৮৬ হাজার টাকা

রিপন দাস, বগুড়া: ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গড়ে ওঠা অবৈধ চার্জিং পয়েন্টসহ বিভিন্ন ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বগুড়ায় অভিযান জোরদার করেছে বিদ্যুৎ বিভাগ। জেলার বিভিন্ন এলাকায় সেপ্টেম্বর মাসে প্রায় ৪০০টি অভিযান চালিয়ে ৮০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হয়েছে। এসব অভিযানে মামলা ও জরিমানা আদায় হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার ২৩২ টাকা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোবাইকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এ সুযোগে বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জিং কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম তৈরি হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ চুরির ঘটনাও ঘটছে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার আওতাধীন সদর, শিবগঞ্জ ও শেরপুর উপজেলায় অবৈধ চার্জিং পয়েন্ট ও অন্যান্য অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সেপ্টেম্বর মাসে এসব এলাকায় অভিযান চালিয়ে ১৮টি পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে নেসকো। পাশাপাশি দুটি সংযোগ স্থাপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নেসকো বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইমদাদুল হক বলেন, বগুড়া সদর, শিবগঞ্জ ও শেরপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার প্রায় ১৯২টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনার বিদ্যুৎ সংযোগ ও ব্যবহারের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চিহ্নিত এসব স্পট পর্যায়ক্রমে পরিদর্শন ও যাচাই করা হচ্ছে। কোনো স্থাপনায় অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহার কিংবা অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নেসকোর এ কর্মকর্তা আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগের চাহিদাও বেড়েছে। এ সুযোগে কোথাও কোথাও অনুমোদন ছাড়াই সংযোগ নিয়ে চার্জিং কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে অটো চার্জিং পয়েন্টসহ বিভিন্ন ধরনের ৪০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ করা হয়েছে। এসব সংযোগের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, শুধু সেপ্টেম্বর মাসে অটো চার্জিং পয়েন্টসহ বিভিন্ন ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ করা হয়েছে ৪০টি।

তিনি বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে দিনে ও রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সংযোগের ভোল্টেজ ও বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ অনুযায়ী জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, সরকারের আর্থিক ক্ষতি হয় এমন অবৈধ সংযোগ বন্ধে বিদ্যুৎ বিভাগ নিয়মিতভাবে কাজ করছে।

সমিতি-১-এর সদর দপ্তরের এজিএম (অর্থ-হিসাব) মোঃ আশফেক আজাদ জানান, ৪০ জন অবৈধ গ্রাহকের মধ্যে ২০ জনের কাছ থেকে ৫ লাখ ২৪ হাজার ৬৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাকি ২০ জনের জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন বিভিন্ন উপজেলাগুলোতেও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর মাসে সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী, ধুনট, শেরপুর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হয়েছে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ ফখরুল আলম জানান, এসব অভিযানে অবৈধ সংযোগের বিরুদ্ধে বিদ্যুৎ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা হিসেবে মোট ৯ লাখ ৬২ হাজার ১৬৯ টাকা আদায় করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার প্রবণতা বন্ধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে চিহ্নিত চার্জিং পয়েন্টগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করে সংযোগের বৈধতা যাচাই করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button