
বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে রাকিবুল হাসান বকুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে দুপুরে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, এ সময় হাসুয়ার আঘাতে রাকিবুলের গলায় গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার শ্বশুর সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে রাকিবুলের দ্বন্দ্ব হয়। পরে তার শ্যালকসহ কয়েকজন তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



