বগুড়ায় আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি তারেক গ্রেপ্তার

বগুড়ায় চাঞ্চল্যকর আরিফ শেখ (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামি মো. তারেককে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২-এর (এসআরবি-১২) সিপিএসসি বগুড়া।
রোববার (৪ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ আড়িয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেক বগুড়া সদর উপজেলার লতিফপুর (কলোনী) এলাকার মো. আব্দুল খালেক বাদলের ছেলে।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পেছনে আরিফ শেখকে ডেকে নিয়ে লাঠি, লোহার রড, রামদা ও ছোরাসহ হামলা করা হয়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির নম্বর-৬৩, তারিখ ১১ জুলাই ২০২৬; মামলা করা হয়েছে দণ্ডবিধির ১৪৩/৩০২/১১৪/৩৪ ধারায়।
এসআরবি জানায়, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানোর একপর্যায়ে তারেকের শাজাহানপুরের রহিমাবাদ আড়িয়া বাজার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেককে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।



