
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এ বিষয়ে র্যাবের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, শনিবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস নার্সিং কলেজ গেটের সামনে এ অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আদমদিঘী উপজেলার কলসা রথবাড়ি তিওরপাড়া এলাকার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী মোছাঃ টুলু বেগম (৬৩), যিনি রাশেদা টুলু নামেও পরিচিত এবং বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ নাঈম বাবু (২৭)।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস নার্সিং কলেজের আশপাশে কয়েকজন ব্যক্তি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অবস্থান করছেন। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিএমএসএস নার্সিং কলেজ গেট সংলগ্ন জনৈক মোঃ রফিকুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতার দুই আসামি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



