
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপ্স উৎপাদন, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘আফিফ চিপ্স’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় অবস্থিত আফিফ চিপ্স কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপ্স উৎপাদন করতে দেখা যায়। পাশাপাশি নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপ্স বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ছিল।
এছাড়া চিপ্স তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানার খাদ্যকর্মীরাও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকারোক্তির পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আফিফ চিপ্স’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে কারখানা থেকে আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। একই সঙ্গে ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করা হয়েছে।
অভিযানে বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।



