
নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগারে মাদক মামলার আসামি মোঃ আব্দুল খালেক (৫২) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল খালেক আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে।
জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান আব্দুল খালেক। বিষয়টি জানতে পেরে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়া জেল সুপার মোঃ আসাদুর রহমান জানান, মাদক মামলা অভিযুক্ত হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর খালেককে কারাগারে নেয়া হয়। আজ সোমবার দুপুর ১২ টার দিকে তিনি অসুস্থ হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে ১ টার দিকে তিনি মারা যান। বর্তমানে আব্দুল খালেকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার মোঃ আসাদুর রহমান।



