
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন নারী ও একজন পুরুষকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সোনাতলা উপজেলার রেলঘুন্টি বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সোনাতলা উপজেলার আগুনিটাইর উত্তরপাড়া এলাকার মো: আমিরুল ইসলামের ছেলে মো: মুন্জুরুল মন্ডল (২১) এবং মাস্টারপাড়া এলাকার মো: আলম সাকিদারের মেয়ে মোছা: হেলেনা বেগম (২১)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রেলঘুন্টি বটতলা এলাকা থেকে মুন্জুরুল মন্ডল ও হেলেনা বেগমকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, আটক দুজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মো: মুন্জুরুল মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোছা: হেলেনা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


