বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মুসলিম বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নষ্ট ডিম ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিএসটিআই লাইসেন্সের লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বাজারজাতের অভিযোগে ‘মুসলিম বেকারী’ কারখানায ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অবস্থিত মুসলিম বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বেকারিটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মাটিতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এছাড়া ভাঙা ও নষ্ট ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

এ সময় আরও দেখা যায়, বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও প্রতিষ্ঠানটি পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে। পাশাপাশি উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিস্কুট ও কেক বাজারজাত করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, বেকারির খাদ্যকর্মীরাও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেনি। এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করা হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানা মালিককে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বেকারিতে থাকা ভাঙা ও নষ্ট ডিমগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button