বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, পোড়া তেলে চানাচুর ভাজা এবং নন-ফুড গ্রেড রং ব্যবহারের অভিযোগে ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে’এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর সংরক্ষণ করা হচ্ছিল। একই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পায়ে মাড়িয়ে ময়দার ডো তৈরি করতে দেখা যায়।

এছাড়া দীর্ঘদিন ব্যবহারের ফলে অনুপযোগী হয়ে পড়া পোড়া তেলে চানাচুর ভাজার অভিযোগ পাওয়া যায়। প্রস্তুত করা চানাচুর ময়লা মেঝেতে ফেলে পায়ে মাড়িয়ে মসলা মাখানোর দৃশ্যও অভিযানের সময় দেখতে পান কর্মকর্তারা।

কারখানার রান্নাঘরে তেলাপোকাসহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের অস্তিত্ব পাওয়া যায়। পাশাপাশি চানাচুর তৈরিতে নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণও পাওয়া যায় বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।

খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক না পরার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
অভিযানে অস্বাস্থ্যকর ও অনুপযোগী হিসেবে আনুমানিক পায়ে মাড়িয়ে তৈরি ময়দার ডো ৮০ কেজি, চামড়ায় ব্যবহৃত ৭০ কেজি লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করা হয়। পরে এসব উপকরণ ধ্বংস করা হয়েছে।

এসব অনিয়মের কারণে ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বগুড়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button