বগুড়ায় মহাসড়কে ভ্যানে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান ও পিকেটিংয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মহাসড়কের গাড়িদহ এলাকায় পিকেটিংয়ের একপর্যায়ে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে ওই স্থানে আগুন লাগানো হয়। কিন্তু পুলিশ জানায় জয় বাংলা স্লোগান বা মিছিল হওয়ার কোন সত্যতা পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর একদল ব্যক্তি হঠাৎ গাড়িদহ এলাকায় মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা পিকেটিং শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে একটি ভ্যানের ওপর বস্তা ও চট রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাঁরা সেখানে পৌঁছানোর আগেই জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। ফলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত তাঁদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি।
তিনি আরও বলেন, ঘটনার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে- এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেননি। এ ছাড়া এ ধরনের স্লোগান দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি কোনো ভিডিও ফুটেজেও।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।



