বগুড়ায় তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে ৯৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

বগুড়ায় আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ৯৩০ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

রোববার দুপুর ১২টার দিকে বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে বগুড়ার ১২টি উপজেলায় ৯৩০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।’
১২টি উপজেলার মধ্যে সারিকান্দিতে ১৮০, ধুনটে ১৫০, শিবগঞ্জে ৬৬, সোনাতলায় ৩৫, কাহালুতে ৫৪, শেরপুরে ১০০, গাবতলীতে ৬৫, বগুড়া সদরে ৬৯, শাজাহানপুরে ৩২, নন্দীগ্রামে ১২৮, আদমদীঘি ১৫ এবং দুপচাঁচিয়ায় ৩৬টি গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন।
জেলা প্রশাসক আরো বলেন, বগুড়া জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ২৩০৯টি পরিবারকে ঘর দেয়া হয়। আর ৩য় পর্যায়ে ৯৩০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, এলজিডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সদর ইউএনও সমর পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ
