বগুড়ায় ৪ মিনিটের ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক পাখির মৃত্যু

বগুড়ায় ৪ মিনিটের ঘূর্ণিঝড়ে শহরের পৌরপার্কসহ অন্যান জায়গায় বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক পাখির মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত ৪টার দিকে জেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।
ঝড়ের কবলে পড়ে শহরের পৌর পার্কে মারা গেছে ৩ শতাধিক পাখি। মারা যাওয়া পাখিগুলোর মধ্যে দাঁড় কাক, পাতি কাক, গো শালিক, টিয়া ও বক রয়েছে।
শনিবার দুপুরে সরজমিনে দেখা যায়, পৌরসভার মালি আব্দুল মজিদ ও আজাহার আলী মারা যাওয়া পাখিগুলো মাটিতে গর্ত করে পুতে রাখছেন।
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট রিসার্চ’ (তীর) বগুড়া শাখার সাধারণ সম্পাদক রিফাত হাসান বলেন, পৌর পার্ক ছাড়াও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে আরো ২ শতাধিক পাখি ঝড়ের কবলে পড়ে মারা গেছে।
তিনি বলেন, তীরের সদস্যরা আজিজুল হক কলেজ ক্যাম্পাস, গাবতলী উপজেলা এবং নাটাইপাড়া এলাকার একটি গোরস্থান থেকে ভুবন চিল, শালিকসহ বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি পাখি অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে পাখিগুলোর পরিচর্চা করে অবমুক্ত করা হয়।
এসএ