
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার ভোরে মসজিদে যাওয়ার সময় পূর্ব গুয়াডহরী গ্রামের এক ব্যক্তি রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে একটি নবজাতক ছেলেশিশুকে পড়ে থাকতে দেখেন।
বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে মিজানুর রহমানের বাড়িতে স্থানীয় নারী-পুরুষের ভিড় জমে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় শিশুটিকে ওই জঙ্গলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে কে বা কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ওই বাচ্চাটি নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও কোন ব্যক্তিকে দেয়া হয়নি। সমাজসেবা কর্মকর্তারা এ বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন বলেও জানাগেছে।
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতকের বয়স আনুমানিক দুই থেকে তিন দিন। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


