শিক্ষা
প্রধান খবর

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে একই দিনে দুপুরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।

গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের আবেদন আহ্বান করে। এতে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।

তবে আবেদন গ্রহণ শুরুর ১৯ দিন পর স্কুল ও কলেজের জন্য এবং ২৫ দিন পর কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয়। সংশোধিত নীতিমালায় সব পদে শিক্ষকদের জন্য ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়।

পরবর্তীতে ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট আবেদন করেন।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button