নির্বাচন
প্রধান খবর

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ভোটের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button