
এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকলের মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০২২ সাল থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষক-কর্মচারীদের বকেয়া অর্থ পরিশোধ আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে বলেও জানান তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
তথ্যসূত্র: চ্যানেল ২৪