
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে ১০০ শতাংশ উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ বিষয়ে নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় জানানো হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। তবে যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন হবে না। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
নির্দেশনায় উপবৃত্তির অর্থ গ্রহণের জন্য অভিভাবক নির্ধারণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্য থেকে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে নির্ধারণ করা যাবে।
বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে আগে থেকে অনলাইন হিসাব থাকলে সেই হিসাব ব্যবহার করেই উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে এ জন্য উপবৃত্তির আবেদনপত্রে সংশ্লিষ্ট বাবা অথবা মাকে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে তফসিলি ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় আবেদনপত্রে যে ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
বিষয়টি ব্যাখ্যা করে নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর উপবৃত্তির আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই সিম নিবন্ধন করতে হবে। একই জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্যের মধ্যে মিল থাকতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ জীবিত না থাকলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। তবে এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলেই উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রেও শিক্ষার্থীর নিজস্ব নাম ব্যবহার করতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়েও নির্দেশনায় বিস্তারিত জানানো হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর দেওয়া হয়েছে, তারা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
এদিকে, কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এ জন্য সফটওয়্যারের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


