২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ চলবে

রোজায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত। এর আগে রমজানে শ্রেণিকক্ষে পাঠদান চালুর যে সিদ্ধান্ত হয়েছিল, সে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে। এছাড়া রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুইদিন (শুক্র ও শনিবার)।
এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে জানায়, রমজানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
আদেশে বলা হয়, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।
আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
