শিক্ষা
প্রধান খবর

শ্রেণিকক্ষে ফাঁকি ঠেকাতে সারাদেশে লাইভ মনিটরিং, এআই প্রশিক্ষণ পাচ্ছেন শিক্ষকরা

সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষকদের ফাঁকি ও অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে ক্লাসে উপস্থিত থেকেও মানসম্মত পাঠদান না করার অভিযোগ রয়েছে। এমনকি ৩০ মিনিটের ক্লাস মাত্র পাঁচ মিনিটে শেষ করার ঘটনাও ঘটে। এসব অনিয়ম ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিং করা হবে। মাউশির সহকারী পরিচালকরা ডিএমএস অ্যাপের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি লাইভ ভিডিওকলে পর্যবেক্ষণ করবেন।

এদিকে, মাঠপর্যায়ে ডিজিটাল তদারকি জোরদার করতে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নম্বর পিডিএসে আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি দক্ষ শিক্ষকদের নিয়ে ‘মাস্টার ট্রেইনার পুল’ ও ‘টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সমন্বয় করে অভিন্ন পাঠ পরিকল্পনা প্রণয়নের কাজও চলছে।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি সেপ্টেম্বর থেকে এআই ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ শুরু হচ্ছে। আইসিটি প্রকল্পের আওতায় এরই মধ্যে ৩ লাখ ৫ হাজার ২৮৮ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি মেটাতে বিশেষায়িত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহে নতুন ক্যাটাগরি যুক্ত করে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংসদ টেলিভিশনের প্রযুক্তি ব্যবহার করে ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, প্রধানমন্ত্রীর ১৫ দফা অনুশাসন মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত দিকনির্দেশনামূলক। সম্প্রতি একটি বৈঠক করে প্রতিটি উইংকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। চলমান কাজসহ অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের এআই প্রশিক্ষণ, অ্যাপভিত্তিক লাইভ মনিটরিং ও জাতীয় শিক্ষা চ্যানেল চালুর প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

অনুশাসন বাস্তবায়ন তদারকির ফোকাল পার্সন ও মাউশির উপপরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্ল্যা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো শতভাগ বাস্তবায়নে নিবিড় মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। কোন প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, তা সরাসরি তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, কিছু সিদ্ধান্ত স্বল্পমেয়াদি হওয়ায় দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে এবং কিছু বিষয় এরই মধ্যে চলমান। তবে জাতীয় শিক্ষা চ্যানেল চালুর মতো কারিগরি বিষয়গুলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সমন্বয়ে শতভাগ বাস্তব রূপ দেওয়া হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button