শিক্ষা
প্রধান খবর

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার জেরে আগামী বৃহস্পতিবার, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষাও বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

এর আগে সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। শেষ খবর অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও শুরুতে এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার। পরে রাতেই সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২ জুলাইয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিমান দুর্ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শিক্ষাসচিব ও উপদেষ্টারা সেখানে গেলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে দাবিগুলোর বাস্তবায়নের দাবি জানায়।

শেষপর্যন্ত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয় সরকার। উপদেষ্টাদের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের অন্য খবর

Back to top button