নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার মোঃ সোহেল রানা (২৮), বৃকঞ্চি এলাকার মোঃ এমরান হোসেন (২৯) এবং মাধবকুড়ি এলাকার মোঃ রেজাউল করিম তানসেন (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, বগুড়ার বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ ফেরদৌস আলীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে বিকাশ, নগদ ও Binance-সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ‘1Xbet’, ‘Mobcash’, ‘Reddy’, ‘Bybit’ ও ‘Money-go’-এর মতো আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ার অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button