নির্বাচন
প্রধান খবর

বগুড়া ২ আসনের জাপা প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী পরিবেশ না থাকা, নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে শিবগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠির মাধ্যমে লাঙ্গল প্রতীকের এই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশও নেই। তাঁর নিজের পাশাপাশি সমর্থক নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এবং সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে পুরো শিবগঞ্জ উপজেলায় চরম আতঙ্কের পরিবেশ বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

খোলা চিঠিতে তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়; বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া।

তিনি আরও বলেন, শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস না করেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা চিঠির শেষাংশে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন বর্জন মানে পিছু হটা নয়। এটি ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর একটি প্রতিবাদ।

খোলা চিঠিতে সাবেক এই সাংসদ আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় ও ন্যায্যতার পক্ষে অবস্থান নেওয়াই তাঁর এই বর্জনের মূল উদ্দেশ্য।

ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, আমার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতা-কর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। তারা ঘরছাড়া। আমার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ নেই বলেই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button