নির্বাচন
প্রধান খবর

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে আদালত ও ব্যাংকিং কার্যক্রমও স্থগিত থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সচিবালয়সহ সব মন্ত্রণালয়, অধিদফতর, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ভোটের দিন বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নির্বাচনের দিন নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না। তারা সম্পূর্ণ সময় ভোটগ্রহণ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। তবে যেসব ব্যাংকার ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন, তাদের ক্ষেত্রে সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও বীমা কোম্পানি ভোটের দিন বন্ধ থাকবে। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাধিকার প্রয়োগে সুবিধার্থে বেসরকারি ও করপোরেট অফিসও বন্ধ থাকবে।

এদিকে নির্বাচন উপলক্ষে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।

তবে সাধারণ ছুটির মধ্যেও কিছু জরুরি সেবা চালু থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জরুরি টেলিযোগাযোগ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের কার্যক্রমও ছুটির আওতামুক্ত থাকবে।

এ ছাড়া ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব দপ্তর ভোটের দিন পূর্ণ দিবস খোলা থাকবে। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button