
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন-উভয় আসনে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে ১৬ ফেব্রুয়ারি কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর পর থেকেই বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসন (শ্রীবরদী-ঝিনাইগাতী) থেকে নির্বাচিত জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটসঙ্গীদের ৩টি আসনসহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২। অপরদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং বাকি একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়।
ইসি সূত্র জানিয়েছে, সংবিধান ও আরপিও অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।



