নির্বাচন

ইউপি নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন ২৫২ জন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ২৫২ জন। এর মধ্যে প্রথম ধাপে ৭২ জন, দ্বিতীয় ধাপে ৮০ জন এবং তৃতীয় ধাপের ১০০ জন রয়েছেন। এছাড়া তৃতীয় ধাপ পর্যন্ত সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানেও তৃতীয় ধাপে জয়ী হওয়ার সংখ্যা অনেক বেশি। তৃতীয় ধাপে ৪৬৯ জন প্রার্থীই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

ইসির তথ্যমতে, প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন এবং তৃতীয় ধাপে ১০০ জন প্রার্থী বিনাভোটে চেয়ারম্যান হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। যেসব দল এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের কোনোটি সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়নি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সংখ্যা বাড়ছে। পাশাপাশি সরকারি দলের প্রার্থীর পাশাপাশি অনেক স্থানেই বিদ্রোহীরা প্রার্থী হচ্ছেন।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলোয় ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এর আগে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হয় ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর।

এই বিভাগের অন্য খবর

Back to top button