নির্বাচন

“নির্বাচনী সহিংসতায় কমিশনের সরাসরি কোনো দায় নেই’

দুজন ব্যক্তি নির্বাচনী সহিংসতায় মারা গেছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার সপ্তম ধাপের ১৩৬টি ইউনিয়ন পরিষদের ভোটের পর নির্বাচন ভবনে তিনি বলেন, নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘটিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি।

অশোক কুমার দেবনাথ বলেন, ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকালে অনিয়মে জড়িতদের স্থায়ীভাবে বরখাস্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন । অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেয়া হয়েছে। অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

নির্বাচন কেমন হলো জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, সোমবার ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচন ওভারঅল ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button