
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। নতুন দামে আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।
বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম সারা দেশে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যখন ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়।
বাজুসের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৯ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।
তবে স্বর্ণের দামে পরিবর্তন এলেও দেশে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।



